যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া এবং ইসরাইলের চলমান সামরিক অভিযান অব্যাহত রাখার ঘোষণার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। ট্রাম্প নির্ধারিত সময়ের মধ্যে প্রণালি চালু না করা হলে ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে, ইসরাইল জানিয়েছে যে এই সংঘাত আরও কয়েক সপ্তাহ ধরে অব্যাহত থাকতে পারে।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গ্রিনিচ মান সময় অনুযায়ী রোববার রাত ১০টায় বাজার খোলার সঙ্গে সঙ্গেই তেলের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। মার্কিন অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) মে মাসের ডেলিভারি মূল্য প্রায় ১.৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলারের সীমা অতিক্রম করে। তবে কিছুক্ষণ পর দাম কিছুটা কমে আসে। একই সময় নর্থ সি ব্রেন্ট ক্রুডের মে মাসের ডেলিভারি মূল্যও বৃদ্ধি পায় এবং ব্যারেলপ্রতি ১১৩.৪৪ ডলারে পৌঁছায়, যদিও লেনদেন শুরু হওয়ার প্রায় ৪৫ মিনিট পর তা সামান্য কমে ১১১ ডলারের কাছাকাছি স্থির হয়।
গত ২৭ ফেব্রুয়ারি ইরানে মার্কিন-ইসরাইলি হামলা শুরুর আগের দিন ডব্লিউটিআই ও ব্রেন্ট ক্রুড তেলের দাম ছিল যথাক্রমে ৬৭.০২ এবং ৭২.৪৮ ডলার। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালি ঘিরে অনিশ্চয়তা বিশ্ব জ্বালানির বাজারে নতুন করে চাপ সৃষ্টি করছে। পরিস্থিতি আরও জটিল হলে তেলের দামে বড় ধরনের ওঠানামার আশঙ্কা রয়েছে।
রিপোর্টারের নাম 























