ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের পক্ষ থেকে আরও এক দফা ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার বিষয়টি শনাক্ত করেছে। এসব ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে তাদের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয়ভাবে কাজ করছে। হামলার আশঙ্কায় ইসরায়েলের মধ্যাঞ্চলে আবারও সাইরেন বাজানো হতে পারে বলে জানানো হয়েছে।
শুক্রবার দিনভর ইরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলজুড়ে অন্তত ১০ বার বিপৎসংকেত বাজাতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এর পাশাপাশি লেবাননের প্রতিরোধকামী গোষ্ঠী হিজবুল্লাহর লাগাতার রকেট হামলায় উত্তর ইসরায়েলেও বারবার সাইরেন বেজেছে।
ইরানের ছোড়া এসব নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলায় বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা তুলনামূলকভাবে কম হলেও, ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থার কারণে এক বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, আকাশে ধ্বংস করা একটি ক্ষেপণাস্ত্রের টুকরো বা ধ্বংসাবশেষ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণের ‘খুব কাছে’ আছড়ে পড়েছে। যে স্থানে ধ্বংসাবশেষটি পড়েছে, সেই আল-আকসা মসজিদটি বর্তমানে দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ বন্ধ করে রেখেছে। এই ধ্বংসাবশেষ পড়ার কারণে আশপাশের বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 






















