রাজশাহী মহানগরীতে একটি মোটরসাইকেল কেনাবেচাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর দুই কর্মী ও তাদের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার রাতে নগরীর হেতেম খাঁ জাদুঘর মোড় এলাকায় এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের কর্মী মো. মমিনুল ইসলাম মোনা এবং একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান পারভেজের সমর্থকদের মধ্যে এই বিরোধের সূত্রপাত।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলের কাগজপত্র হস্তান্তর নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও ইট-পাটকেল নিক্ষেপে রূপ নেয়। এই সংঘর্ষের সময় একটি দোকানঘর এবং একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। খবর পেয়ে আরএমপির মালোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এই ঘটনাকে ব্যক্তিগত বিরোধ হিসেবে উল্লেখ করেছেন রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল। তিনি জানান, মোটরসাইকেল কেনাবেচা নিয়ে দুই ব্যক্তির মধ্যে সৃষ্ট এই সমস্যাটি একান্তই ব্যক্তিগত এবং এর সাথে দলীয় বা সাংগঠনিক কোনো সম্পর্ক নেই। অন্যদিকে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছিল, তবে পুলিশের দ্রুত হস্তক্ষেপে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।
রিপোর্টারের নাম 

























