জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ‘জুলাই গণহত্যা’র বিচার, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বরিশালে সমাবেশ ও গণমিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগর শাখা।
শনিবার বিকেলে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সেখান থেকে একটি গণমিছিল বের করা হয়, যেখানে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
বরিশাল মহানগর জামায়াতের আমির মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে মুয়াযযম হোসাইন হেলাল বলেন, বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বৈষম্যহীন, কল্যাণমুখী ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যাশায় ছাত্র-জনতা, তরুণ, যুবক, কৃষক, শ্রমিকসহ সর্বস্তরের মানুষ আত্মত্যাগ করেছেন। জনগণের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে পুরোনো ধারার রাজনীতি ও রাষ্ট্র পরিচালনা অব্যাহত রাখা হলে তা শহীদদের আত্মত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল হবে।
তিনি আরও বলেন, দেশের মানুষের প্রত্যাশা ছিল রাষ্ট্রের মৌলিক সংস্কার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করা। কিন্তু সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় জনগণের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তিনি অভিযোগ করেন, এনসিপির নেতৃবৃন্দের ওপর হামলার ঘটনায় বর্তমান সরকার ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
জামায়াতের এই নেতা প্রশাসনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে জনগণের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে গণভোটে জনগণের দেওয়া রায় দ্রুত বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িত বিগত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা ও তার সহযোগীদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান।
মুয়াযযম হোসাইন হেলাল মন্তব্য করেন, জনগণের ভাষা ও প্রত্যাশা বুঝতে হবে। বিরোধী রাজনৈতিক দলগুলোর গঠনমূলক পরামর্শ বিবেচনায় নিয়ে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এবং জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে একটি গ্রহণযোগ্য রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। জনগণের রায় উপেক্ষা করে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে টেকসই হবে না বলেও তিনি উল্লেখ করেন।
সভাপতির বক্তব্যে মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, তিনি দেশের বিভিন্ন বিষয়ে বক্তব্য দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনারও তীব্র নিন্দা জানান।
রিপোর্টারের নাম 





















