যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান উত্তেজনার মধ্যেই দেশজুড়ে ব্যাপক ধরপাকড় অভিযান চালিয়ে শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘোষণা দিয়েছে ইরান। এসব ব্যক্তিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করা ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করা হয়েছে। একইসঙ্গে তেহরান দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরাজয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছে।
ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, দেশের ৩১টি প্রদেশের মধ্যে ২৬টিতে সক্রিয় থাকা মোট ১১১টি রাজতন্ত্রপন্থি সেলকে রাতভর অভিযানে নিষ্ক্রিয় করা হয়েছে। এসব গোষ্ঠী ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবে ক্ষমতাচ্যুত যুক্তরাষ্ট্র-সমর্থিত শাসনব্যবস্থার পক্ষে কাজ করছিল বলে অভিযোগ করা হয়েছে।
মন্ত্রণালয় আরও দাবি করেছে যে, আটককৃত ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের অস্ত্র উদ্ধার করা হয়েছে। একইসাথে জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য দিয়ে কর্তৃপক্ষকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, গত তিন সপ্তাহ ধরে দেশব্যাপী ইন্টারনেট বন্ধ থাকার মধ্যেই বিদেশভিত্তিক ‘সন্ত্রাসী’ গণমাধ্যমে ভিডিও পাঠানোর অভিযোগে আরও ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও, পাচারের সময় স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেলের ৩৫০টি টার্মিনাল জব্দ করা হয়েছে বলে জানানো হয়।
রাজধানী তেহরানের কাছের কারাজ শহরে গ্রেপ্তার হওয়া কয়েকজন ব্যক্তি ‘সর্বোচ্চ নেতা’ আয়াতুল্লাহ আলী খামেনির ছবি পোড়ানো ও অবমাননা করার মতো কাজ করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রিপোর্টারের নাম 



















