খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে রাশিকুল আনাম রাশু (৩৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। রোববার সকাল সোয়া ১১টার দিকে দৌলতপুর থানার কেডিএ কল্পতরু মাঠ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত রাশু স্থানীয় বিএনপি নেতা শরীফুল আনামের ছেলে এবং দৌলতপুর থানা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি ইট-বালুর ব্যবসার সাথে জড়িত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় রাশু তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে বসে কেরাম খেলছিলেন। এমন সময় মোটরসাইকেলে করে আসা একদল সন্ত্রাসী তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ব্যবসায়িক প্রতিষ্ঠানে অবস্থানকালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। এই হত্যাকাণ্ডের নেপথ্যে কী কারণ রয়েছে বা কারা এর সাথে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অপরাধীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 
























