ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ ও ভোটার তালিকায় অনিয়মের অভিযোগে অভিশংসন বা ‘ইমপিচমেন্ট’ নোটিশ জমা দিয়েছে তৃণমূল কংগ্রেসসহ দেশটির বিরোধী দলগুলো। রাজ্যসভা ও লোকসভার মোট ১৯৩ জন সংসদ সদস্য এই নোটিশে স্বাক্ষর করেছেন।
বিরোধীদের অভিযোগ, প্রধান নির্বাচন কমিশনার হিসেবে জ্ঞানেশ কুমার তার পদের নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় ব্যাপক অনিয়ম এবং সাধারণ মানুষের ভোটাধিকার হরণের মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে এই পদক্ষেপকে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।
তথ্যমতে, ভোটার তালিকা সংশোধনের ফলে পশ্চিমবঙ্গেই প্রায় ৬৩ লাখ ভোটারের নাম বাদ পড়েছে এবং আরও ৬০ লাখ নাম ঝুলে রয়েছে। ভারতের সংবিধান অনুযায়ী, কোনো প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণের প্রক্রিয়া শুরু করতে লোকসভার অন্তত ১০০ জন অথবা রাজ্যসভার ৫০ জন সদস্যের সমর্থন প্রয়োজন হয়। এই প্রস্তাব গৃহীত হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তদন্ত কমিটি গঠন করা হবে।
রিপোর্টারের নাম 
























