বাংলাদেশের শিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে এবং এর সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যাঁ পেসমে মঙ্গলবার ঢাকায় শিক্ষামন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন, এমপির সঙ্গে অনুষ্ঠিত এই বৈঠকে উভয়পক্ষ শিক্ষা খাতের সংস্কার কার্যক্রম দ্রুততর করার বিষয়ে আলোচনা করেন।
বৈঠকে শিক্ষামন্ত্রী প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। মন্ত্রী আরও উল্লেখ করেন যে, বিদ্যমান প্রকল্পগুলোর কার্যকারিতা মূল্যায়নের মাধ্যমে চ্যালেঞ্জগুলো চিহ্নিত করা এবং ভবিষ্যতে আরও কার্যকর ফলাফল নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
আলোচনায় উঠে আসে যে, শিক্ষার্থী বৃদ্ধিতে উল্লেখযোগ্য অগ্রগতি হলেও সাক্ষরতা, শিক্ষক প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের সামগ্রিক মানোন্নয়নের ক্ষেত্রে এখনও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়ে গেছে। এ সময় দক্ষতা উন্নয়ন, ডিজিটাল শিক্ষাব্যবস্থা, শিক্ষক প্রশিক্ষণ এবং কর্মসংস্থান ভিত্তিক শিক্ষার ওপর জোর দেওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। উভয়পক্ষ বাংলাদেশের শিক্ষা খাতে বিশ্বব্যাংকের সহায়তায় চলমান বিভিন্ন উদ্যোগ পর্যালোচনা করেন।
ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে মাল্টিমিডিয়া ও স্মার্ট শ্রেণিকক্ষ প্রতিষ্ঠা এবং বিশ্ববিদ্যালয়সমূহে গবেষণা সহায়তা জোরদার করার বিষয়েও আলোচনা হয়। শিক্ষামন্ত্রী শিক্ষা ব্যবস্থার সংস্কার ও আধুনিকায়নে সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং বাংলাদেশের সঙ্গে বিশ্বব্যাংকের অব্যাহত অংশীদারিত্বের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশ্বব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 
























