ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১৪ আসনে ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির প্রার্থী কামরুল হুদা। আজ সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের একক হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হবে।
এই আসনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিজয়ী হয়েছিলেন। এর আগে ২০ জনের বেশি প্রার্থী তাদের নিজ নিজ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন জমা দিয়েছিলেন। আদালত পূর্বের আবেদনগুলো গ্রহণ করে ওই সব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, কুমিল্লা-১৪ আসনে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ১২৭টি ভোটকেন্দ্রে মোট ১ লাখ ৩৩ হাজার ৩০৮টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী কামরুল হুদা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৭৬ হাজার ৬৩৮ ভোট।
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করছে।
রিপোর্টারের নাম 
























