ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৬ আসনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে একটি আবেদন জমা দিয়েছেন বিএনপির প্রার্থী এবং নবগঠিত সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের শুনানির সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, যিনি ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল বাতেনের কাছে ৩ হাজার ৩৬১ ভোটের ব্যবধানে পরাজিত হন। নির্বাচনে আব্দুল বাতেন মোট ৮৮ হাজার ৮২৮ ভোট পেয়েছেন, যেখানে আমিনুল হক পেয়েছেন ৮৫ হাজার ৪৬৭ ভোট।
নির্বাচনে হারলেও আমিনুল হক বিএনপির নেতৃত্বাধীন নতুন সরকারের টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এর আগে, ১৫ জনেরও বেশি প্রার্থী হাইকোর্টে নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে আবেদন করেছেন। আদালত এই আবেদনগুলো গ্রহণ করে সংশ্লিষ্ট আসনের ব্যালট পেপারসহ প্রয়োজনীয় নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণের নির্দেশ দিয়েছে। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে ‘নির্বাচনি’ আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয় এবং বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ এই ধরনের আবেদনগুলোর শুনানি গ্রহণ করছে।
রিপোর্টারের নাম 
























