আগামী ১৬ মার্চ দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই দিন দিনাজপুরের কাহারোল উপজেলার সাহা পাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে তিনি দেশব্যাপী বিশাল এই কর্মযজ্ঞের আনুষ্ঠানিক সূচনা করবেন।
রোববার (৮ মার্চ) দুপুরে কাহারোল উপজেলায় প্রস্তাবিত খাল খনন কর্মসূচির প্রস্তুতিমূলক কাজ পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এই তথ্য নিশ্চিত করেন। এ সময় তাঁর সঙ্গে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, মন্ত্রণালয়ের সচিব এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কর্মসূচির উদ্দেশ্য ও প্রভাব: পরিদর্শনকালে পানিসম্পদ মন্ত্রী বলেন, “১৬ মার্চ প্রধানমন্ত্রী স্বশরীরে উপস্থিত থেকে এই জনগুরুত্বপূর্ণ কর্মসূচির উদ্বোধন করবেন। এটি কেবল একটি উদ্বোধন নয়, বরং কৃষকদের দীর্ঘদিনের দাবি ও জন আকাঙ্ক্ষা পূরণের অঙ্গীকার। বিশেষ করে সেচ ব্যবস্থার সংকট দূর করা এবং বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে এই খাল খনন প্রকল্প বিপ্লব ঘটাবে।”
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক খাল খনন কর্মসূচির আদলে বর্তমান সরকার সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের বিশাল উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে দিনাজপুরের কাহারোলের বলরামপুর ও বীরগঞ্জের ভবানীপুর খাল খনন করা হবে।”
তিনি আরও জানান, বলরামপুর সাইতারা এলাকার ১২ কিলোমিটার দীর্ঘ এই খালটি খননের পাশাপাশি সেখানে একটি আধুনিক স্লুইসগেট নির্মাণ করা হবে। এর ফলে এলাকার কৃষকদের সেচ খরচ উল্লেখযোগ্য হারে কমে আসবে এবং কৃষি উৎপাদনে গতি ফিরবে।
মন্ত্রীর সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গের কৃষি অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
রিপোর্টারের নাম 
























