চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ড্রেন নির্মাণের কাজ করার সময় সীমানা দেয়াল ধসে নাইরুল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৮ মার্চ) বেলা ১১টার দিকে শহরের ঢাকা বাসস্ট্যান্ড সংলগ্ন কোর্টপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাইরুল ইসলাম সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের বেগুলা গ্রামের মৃত সাইফুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল থেকে পৌর এলাকার কোর্টপাড়া মহল্লায় কে এম শাহাবুদ্দিনের বাড়ির পাশে ড্রেন নির্মাণের কাজ করছিলেন নাইরুল। কাজ করার একপর্যায়ে পাশের একটি বসতবাড়ির দেয়াল হঠাৎ ধসে তার ওপর পড়ে। এতে তিনি দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ড্রেন খননের সময় পাশের একটি দেয়াল ধসে পড়লে এই দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্টারের নাম 






















