কক্সবাজারের ঈদগাঁও উপজেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরীকে নিয়ে রাজনৈতিক মহলে ফের শুরু হয়েছে জোর আলোচনা। এবার জামিনে মুক্ত হওয়ার পর জেলা জামায়াত নেতাসহ বিএনপি নেতাদের সঙ্গে প্রকাশ্যে রাস্তায় বসে ইফতার করে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি।
গত শুক্রবার ঈদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ভোমরিয়াঘোনা এলাকায় রাস্তার ওপর আয়োজিত এই ইফতার মাহফিলে সোহেল জাহান চৌধুরীর পাশে দেখা যায় কক্সবাজার জেলা জামায়াতের সেক্রেটারি ও ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা দেলাওয়ার হোসাইনকে। সেখানে আরও উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল হাকিম এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ডা. এহছানুল হক।
সামাজিক যোগাযোগমাধ্যমে এই ইফতারের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিন্ন মতাদর্শের রাজনৈতিক নেতাদের এমন সহাবস্থান এবং সোহেল জাহান চৌধুরীর অব্যাহত গণসংযোগ স্থানীয় রাজনীতিতে কোনো নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে কি না, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।
উল্লেখ্য, সোহেল জাহান চৌধুরীর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আগে থেকেই বিতর্ক রয়েছে। বিগত সংসদ নির্বাচনের আগে তিনি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে উঠান বৈঠক করা এবং সেখানে জামায়াত নেতাকে দিয়ে মোনাজাত করানোর ঘটনায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন। সম্প্রতি জেল থেকে জামিনে বেরিয়ে আসার পর তিনি বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত সাক্ষাৎ ও জনসভা করে আবারও আলোচনার কেন্দ্রে চলে এসেছেন। স্থানীয়দের মতে, আওয়ামী লীগ নেতার এমন আচরণ তৃণমূল রাজনীতিতে বিভ্রান্তি সৃষ্টি করছে।
রিপোর্টারের নাম 





















