পাবনার ভাঙ্গুড়া উপজেলায় আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। বুধবার বিকেলে উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সভায় জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক এসএস সোহেল এই ঘোষণা দেন।
ঘোষণা অনুযায়ী, উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সাবেক অধ্যক্ষ হালিম মজহার নূর, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবুল হাশেম এবং পৌরসভা মেয়র পদে হাফিজ উদ্দিন বাহার দলীয় সমর্থন পেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মহির উদ্দিন, নায়েবে আমির মজিবর রহমান, পৌর জামায়াতের সভাপতি গোলাম মোস্তফা, সেক্রেটারি মাওলানা জহুরুল ইসলাম সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, এর আগে উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদেও জামায়াতের সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল। তারা হলেন—খানমরিচ ইউনিয়নে মাওলানা মহির উদ্দিন, ভাঙ্গুড়া ইউনিয়নে আজিজুর রহমান শফি, পারভাঙ্গুড়া ইউনিয়নে রেজাউল করিম, মন্ডতোষ ইউনিয়নে মাওলানা জহুরুল ইসলাম, দিলপাশার ইউনিয়নে ফজলুর রহমান মাস্টার এবং অষ্টমনিষা ইউনিয়নে মাওলানা আব্দুল লতিফ।
উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের নাম ঘোষণার আগে উপজেলা কর্মপরিষদের সদস্যদের সভা অনুষ্ঠিত হয় এবং মেয়র পদের জন্য পৌরসভার দলীয় নেতাদের গোপন ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হয়।
রিপোর্টারের নাম 






















