চিকিৎসকদের কর্মস্থলে সময়মতো উপস্থিত না থাকার অভিযোগের পরিপ্রেক্ষিতে নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে আটজন চিকিৎসককে অনুপস্থিত পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। শনিবার সকাল সাড়ে ৮টায় মন্ত্রীর এই ঝটিকা পরিদর্শনে আরও দুজন চিকিৎসককে নির্ধারিত সময়ের অনেক পরে কর্মস্থলে উপস্থিত হতে দেখা যায়। কর্তব্যে অবহেলার দায়ে অনুপস্থিত চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী।
জানা গেছে, মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল শনিবার সকালে সরাসরি পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন। এ সময় হাসপাতালের মোট ২১ জন চিকিৎসকের মধ্যে ৫ জন ছুটিতে ছিলেন। বাকি ১৬ জন চিকিৎসকের মধ্যে মাত্র ৮ জনের উপস্থিতি দেখতে পান তিনি। অনুপস্থিত চিকিৎসকদের তালিকা তৈরি এবং বিলম্বে আসা দুজনের বিষয়েও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হয়েছে।
পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল সাংবাদিকদের বলেন, “পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকরা সময়মতো আসেন না বলে আমরা সুনির্দিষ্ট খবর পেয়েছিলাম। সে তথ্যের সত্যতা যাচাইয়ের জন্যই আজ সকালে হাসপাতাল পরিদর্শনে আসি। ১৬ জন কর্তব্যরত চিকিৎসকের মধ্যে আমরা মাত্র ৮ জনকে উপস্থিত পেয়েছি। যারা অনুপস্থিত ছিলেন, তাদের বিরুদ্ধে প্রচলিত নিয়ম অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।” মন্ত্রীর এই আকস্মিক পরিদর্শন স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি কড়া বার্তা হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্টারের নাম 





















