রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বিরাবাড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রাথমিকভাবে সাড়ে ৭ লাখ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে হঠাৎ করে বিরাবাড়ি বাজারে আগুনের সূত্রপাত হয়। রাতের নিস্তব্ধতায় মুহূর্তের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং একের পর এক দোকান ভস্মীভূত হয়ে যায়।
আগুন দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত বাজারে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় স্থানীয়দের পক্ষে তা দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফলে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে লালচানের কনফেকশনারি দোকান, মঞ্জু মিয়ার গালামালের দোকান, শাহজাহানের দোকান ও বাবুলের দোকান। অগ্নিকাণ্ডে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে যাওয়ায় ব্যবসায়ীরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন লাগার ঘটনাটি এতটাই আকস্মিক ছিল যে দোকান থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি তারা।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স জানান, বিড়াবাড়ি বাজারে আগুন লাগার খবর তাঁরা পান ভোর ৪টা ১৭ মিনিটে। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে রওনা দেওয়া হয়। তবে পরে আবার ফোনে জানানো হয় আগুন নিভে গেছে। তাই মাঝপথ থেকেই ফিরে আসতে হয়েছে।
রিপোর্টারের নাম 





















