ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ কার্যালয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় আগামী শনিবার (৭ মার্চ) এক দিনের শোক ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৪ মার্চ (বুধবার) নিজ দপ্তরে অবস্থানকালে এক কর্মচারীর বর্বরোচিত ছুরিকাঘাতের শিকার হয়ে প্রাণ হারান সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষকের এমন মর্মান্তিক ও অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কালো ব্যাজ ধারণ করার জন্য প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, নিহত শিক্ষিকার আত্মার মাগফিরাত কামনা করে আজ শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গসহ শিক্ষক-শিক্ষার্থীরা এই দোয়া মাহফিলে অংশ নেবেন। সংশ্লিষ্ট বিভাগ ও বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে এই শোকাবহ পরিস্থিতিতে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























