শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত জেলা প্রশাসনের সংবর্ধনা ও আলোচনা সভায় অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, অনুষ্ঠানে অংশ নিতে আসা কয়েকজন জুলাই যোদ্ধাকে স্থানীয় নেতা-কর্মীরা শারীরিকভাবে লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দিয়েছেন। বুধবার সকালে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এই ঘটনা ঘটে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই আন্দোলনের বীর ও শহীদ পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল। অনুষ্ঠান শুরুর প্রাক্কালে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপুসহ কয়েকজন নেতা-কর্মীর সঙ্গে জুলাই যোদ্ধাদের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে গেজেটভুক্ত জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক ইমরান আল নাজিরকে লাঞ্ছিত করে বের করে দেওয়া হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অডিটোরিয়ামের ভেতরে ধস্তাধস্তি ও উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আহত জুলাই যোদ্ধা জাকির হোসেন মিন্টু ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আন্দোলনে রক্ত দিয়ে আমরা এই পরিবর্তন এনেছি। সরকার আমাদের স্বীকৃতি দিয়েছে, কিন্তু আজ নিজ জেলাতেই আমাদের অপমানিত হতে হলো। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার চাই।’
এই ঘটনার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা তাৎক্ষণিকভাবে বিক্ষোভ প্রদর্শন করেন। তারা অভিযোগ করেন, প্রশাসনের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটেছে কিন্তু তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হয়েছে। বর্তমান নির্বাচিত সরকারের আমলে জুলাই আন্দোলনের বীরদের ওপর এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রিপোর্টারের নাম 



















