বিগত আওয়ামী লীগ সরকারের আমলের গুম, খুন ও দুর্নীতির বিচার এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে গণমিছিল ও পথসভা করেছে ১১ দলীয় ঐক্যজোট। বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের বায়তুল আমিন চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবসের কর্মসূচি হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা মো. বিল্লাল হোসেন মিয়াজী বলেন, জুলাই বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখতে গণভোটের রায় ও জুলাই সনদের দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। পাশাপাশি তিনি বর্তমান নির্বাচিত সরকারের প্রতি নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, যা দ্রুত সমাধান করা প্রয়োজন।
ছাত্র রাজনীতি প্রসঙ্গে উদ্বেগ প্রকাশ করে জামায়াত নেতারা অভিযোগ করেন, দেশের কিছু স্থানে ছাত্র শিবিরের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে। রাজনৈতিক সহাবস্থান বজায় রাখতে তারা সংশ্লিষ্ট দলগুলোর কেন্দ্রীয় নেতৃত্বের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। সমাবেশে জামায়াতে ইসলামী, এনসিপি এবং খেলাফতে মজলিসসহ জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন এবং জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
রিপোর্টারের নাম 






















