ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১০ (গফরগাঁও-পাগলা) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে সকল বীর মুক্তিযোদ্ধাকে সুসংগঠিত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তিনি পবিত্র রমজানের মহিমা ও পবিত্রতা বজায় রাখতে উপস্থিত সকলের প্রতি অনুরোধ জানান।
বীর মুক্তিযোদ্ধা ফরিদুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) আমির সালমান রনি এবং গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম. আতিকুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে ক্রেস্ট, উত্তরীয় ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ইসহাক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ফজলুল হক, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আব্দুল্লাহ আল মামুন, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুস ছালাম বেপারী ও জাহিদ হাসান স্বপন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 























