ময়মনসিংহের গফরগাঁওয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদার পথচারী, শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুর সহধর্মিণী শামীমা সুলতানার ব্যক্তিগত উদ্যোগে এই মানবিক কর্মসূচি পরিচালিত হয়।
বৃহস্পতিবার বিকেল থেকে শুরু করে ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় ঘুরে ঘুরে তিনি সাধারণ মানুষের হাতে ইফতারের প্যাকেট তুলে দেন। বিশেষ করে রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর এবং এতিম শিশুদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল উন্নতমানের বিরিয়ানি ও বিশুদ্ধ খাবার পানির বোতল।
পেশাগত জীবনে শামীমা সুলতানা গফরগাঁও উপজেলার কান্দিপাড়া আব্দুর রহমান ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রমজানের পবিত্রতা রক্ষা এবং সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি এই উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।
এদিকে, রাজপথে ইফতার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন নিম্নআয়ের মানুষ ও পথচারীরা। স্থানীয় বাসিন্দারা জানান, রমজানের এই সময়ে ঘরমুখো মানুষ ও শ্রমজীবীদের জন্য এমপি পত্নীর এমন সহমর্মিতামূলক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। মানবিক এই কার্যক্রম এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে।
রিপোর্টারের নাম 























