লক্ষ্মীপুরের রামগঞ্জে নবনির্বাচিত প্রেসক্লাব কমিটিকে সংবর্ধনা দিয়েছে উপজেলা জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকেলে পৌর শহরের একটি রেস্তোরাঁয় ইফতার মাহফিল ও এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের নবনির্বাচিত ১১ সদস্যের কার্যনির্বাহী কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।
রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ। মাওলানা আবু সালেহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রামগঞ্জ পৌর জামায়াতের আমির অ্যাডভোকেট হাসান বান্না, রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি আবু তাহের এবং সাধারণ সম্পাদক মো. রাজু হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ বলেন, “গণমাধ্যম হচ্ছে সমাজের দর্পণ। দেশের উন্নয়ন ও সামাজিক অসঙ্গতি দূর করতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমেই কেবল দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত করা সম্ভব।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমির দেওয়ান মো. ইউসুফ, জেলা মজলিসে সূরা সদস্য ওমর ফারুক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আরমান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা নবনির্বাচিত কমিটির সফলতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে রামগঞ্জের উন্নয়নে সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
রিপোর্টারের নাম 























