রংপুরের তারাগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক আলহাজ্ব আবুল কালাম আজাদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার আলমপুর ইউনিয়নে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে তিনি দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আবুল কালাম আজাদ দীর্ঘ কয়েক দশক ধরে অত্যন্ত নিষ্ঠা ও সততার সঙ্গে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি জাতীয় দৈনিক ‘বাংলা’ ও ‘দিনকাল’সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবাদপত্রে কাজ করেছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি স্থানীয় সাপ্তাহিক পত্রিকা ‘চিকলী’র সম্পাদকের দায়িত্বও পালন করেন। এলাকায় একজন নীতিবান ও নির্ভীক সাংবাদিক হিসেবে তার ব্যাপক সুখ্যাতি ছিল।
তার মৃত্যুতে স্থানীয় সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বর্ষীয়ান এই সাংবাদিকের প্রয়াণে তারাগঞ্জ রিপোর্টার্স ক্লাব, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা এবং উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রিপোর্টারের নাম 























