যশোরের অভয়নগরে বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের পেরুলী-ধুলগ্রাম সড়কে এই ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়।
আটককৃতরা হলেন— উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামের রিয়াজ সরদার ওরফে সূর্য সরদার (২৮), একই গ্রামের শাকিল সরদার (২৫) এবং শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের রবিউল মোল্লা (২৩)। তাদের কাছ থেকে একটি বিদেশি ৯ এমএম পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় চুরি-ডাকাতি রোধে গ্রামবাসীর পক্ষ থেকে রাতে নিয়মিত পাহারার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গোপীনাথপুর সড়কে পাহারার সময় একটি মোটরসাইকেলে আসা তিন যুবককে সন্দেহভাজন হিসেবে থামানো হয়। তল্লাশির একপর্যায়ে তাদের একজন পিস্তল উঁচিয়ে পালানোর চেষ্টা করলে গ্রামবাসী ধাওয়া দিয়ে তিনজনকে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয় এবং মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই তিন যুবককে উদ্ধার করে হেফাজতে নেয়।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা অস্ত্রসহ তিনজনকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও আগুনে ক্ষতিগ্রস্ত একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
রিপোর্টারের নাম 























