কক্সবাজারের রামুতে জাল টাকা তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার ফতেখারকুল ইউনিয়নে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোট ও নোট তৈরির সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ইমরান (২৩)। তিনি যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার লুৎফুর রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফতেখারকুল ইউনিয়নের মধ্যম মেরংলোয়া আমতলিয়া পাড়ার জনৈক বাবুল বড়ুয়ার বাড়িতে জাল টাকা তৈরি করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুর ২টার দিকে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। অভিযানে ওই বাড়ি থেকে এক হাজার ও পাঁচশ টাকা মূল্যের মোট ৫ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়। এ সময় জাল টাকা ছাপানোর কাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক সরঞ্জামও উদ্ধার করে পুলিশ।
অভিযান শেষে আটক ইমরানকে জিজ্ঞাসাবাদের জন্য জেলা গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জাল টাকা তৈরির চক্রের সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
রিপোর্টারের নাম 

























