মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হাতে বন্দি থাকা তিন বাংলাদেশিকে দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ মার্চ) দুপুরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রিজ দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা ব্যক্তিরা হলেন—বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম পশ্চিমপাড়া গ্রামের বাপ্পি (২৮) ও ওসমান গনি রাব্বি (১৮) এবং টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার হেরেন্দ্রপাড়া গ্রামের জনি মিয়া (২২)।
কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম শুক্রবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের দেওয়া তথ্যের ভিত্তিতে আরাকান আর্মির সঙ্গে বিজিবি যোগাযোগ ও সমন্বয় শুরু করে। দীর্ঘ কূটনৈতিক প্রচেষ্টার পর শুক্রবার দুপুরে তাদের বাংলাদেশে ফেরত আনা সম্ভব হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, এই তিন বাংলাদেশি বিভিন্ন সময়ে সীমান্তবর্তী এলাকা থেকে আরাকান আর্মির হাতে আটক হন। এর মধ্যে গত ১৪ ফেব্রুয়ারি তুমব্রু সীমান্ত এলাকা থেকে একজনকে এবং পরে ২৮ ফেব্রুয়ারি উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার কাছাকাছি বালুখালী নদীতে মাছ ধরতে গেলে আরও দুই জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি।
দেশে ফেরার পর বিজিবি তাদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে। প্রিয়জনদের ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন পরিবারবর্গ।
রিপোর্টারের নাম 























