যশোরের অভয়নগরে গ্রামবাসীর গণপাহারার সময় বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে পেরুলী-ধুলগ্রাম সড়কে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় ক্রমবর্ধমান অপরাধ দমনে বৃহস্পতিবার রাত থেকে গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে পাহারা দিচ্ছিলেন। গভীর রাতে একটি মোটরসাইকেলে দুই আরোহী দ্রুত গতিতে যাওয়ার চেষ্টা করলে তাদের থামানো হয়। তল্লাশির একপর্যায়ে আরোহীদের একজন একটি পিস্তল বের করে পালানোর চেষ্টা করে। এ সময় ইছামতি গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে রবিউল মোল্লা ওই দুই যুবকের পক্ষ নিলে গ্রামবাসী তিন জনকেই আটক করে গণপিটুনি দেয়। উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
পরে তাদের কাছ থেকে একটি ৯ এমএম বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের ধুলগ্রামের ইব্রাহিম সরদারের ছেলে রিয়াজ সরদার ওরফে সূর্য সরদার (২৮), একই গ্রামের মোস্তফা সরদারের ছেলে শাকিল সরদার (২৫) এবং শুভরাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে রবিউল মোল্লা (২৩)।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নুরুজ্জামান শুক্রবার (৬ মার্চ) দুপুরে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাস্থল থেকে আগুনে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 























