দেশের সংগীত ভুবনের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন, ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৫’-এর ২০তম আসর বসতে যাচ্ছে বগুড়ায়। আগামী ৭ এপ্রিল শহরের একটি পাঁচতারকা হোটেলে জাঁকজমকপূর্ণ এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) চ্যানেল আইয়ের প্রধান কার্যালয়ের স্টুডিওতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, এবারের আয়োজনে আজীবন সম্মাননাসহ মোট ১৯টি বিভাগে পুরস্কার প্রদান করা হবে। এতে দেশের প্রবীণ ও নবীন সংগীতশিল্পী এবং সংগীতসংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম লি. ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ, টিএমএসএস-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, প্রখ্যাত শিল্পী মো. খুরশীদ আলম ও রফিকুল আলম, অ্যাওয়ার্ডস অনুষ্ঠানের প্রকল্প পরিচালক রাজু আলিম এবং আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমানসহ অনেকে।
ফরিদুর রেজা সাগর তার বক্তব্যে বগুড়াকে এই আয়োজনের কেন্দ্রবিন্দু করার পেছনের কারণ ব্যাখ্যা করেন। তিনি বলেন, “বগুড়া বাংলাদেশের একমাত্র জেলা যেখান থেকে আমরা তিনজন প্রধানমন্ত্রী পেয়েছি, যার মধ্যে বর্তমান প্রধানমন্ত্রীও রয়েছেন। এই জেলার সম্মান আমাদের ধরে রাখতে হবে। এই বৃহৎ আয়োজন সফল করতে সবার আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।”
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, “সুস্থ সংগীতের বিকাশ এবং নতুন শিল্পীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রায় ২০ বছর আগে চ্যানেল আই এই অ্যাওয়ার্ডের যাত্রা শুরু করেছিল। আশা করছি, প্রতিবারের মতো এবারও আমাদের এই আসর আরও বেশি চমকপ্রদ ও আনন্দময় হবে।”
সংগীতশিল্পী রফিকুল আলম চ্যানেল আইয়ের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, “গত দুই দশক ধরে সংগীত নিয়ে এত বড় মাপের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান দক্ষিণ এশিয়ার আর কোনো প্রতিষ্ঠান আয়োজন করেনি। এই ক্ষেত্রে চ্যানেল আই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।”
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ২০২৪ সালে সিডি, ডিভিডি এবং অনলাইনে প্রকাশিত প্রায় সকল গান এই পুরস্কারের জন্য বিবেচিত হবে। প্রতি বছরের মতো এবারও দেশের শীর্ষস্থানীয় সংগীতজ্ঞ এবং অভিজ্ঞ বিচারকমণ্ডলী এই বিচারকার্য সম্পন্ন করবেন।
রিপোর্টারের নাম 

























