দীর্ঘ ৬২ বছরের বর্ণাঢ্য সংগীত জীবনে প্রথমবারের মতো বাংলাদেশ শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে একক সংগীত পরিবেশন করেছেন কিংবদন্তি শিল্পী রুনা লায়লা। এই বিশেষ আয়োজনে দর্শকদের অকৃত্রিম ভালোবাসায় আপ্লুত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন ভিডিও বার্তা শেয়ার করেছেন তিনি।
ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, দর্শকদের কাছ থেকে পাওয়া সম্মান ও সুন্দর মন্তব্যগুলো তাকে গভীরভাবে স্পর্শ করেছে। বাংলাদেশ, ভারত ও পাকিস্তান—তিন দেশেই গায়িকা হিসেবে পরিচিতি পাওয়া এবং ভক্তদের দোয়া ও ভালোবাসার শক্তিতেই এতদূর আসতে পারার জন্য তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, দর্শকদের জন্য গান গেয়ে যাওয়ার এই ধারা তিনি ভবিষ্যতেও অব্যাহত রাখতে চান।
মিলনায়তনের আসন সংখ্যা সীমিত থাকায় অনেক ভক্তই অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারেননি। এ বিষয়ে দুঃখ প্রকাশ করে রুনা লায়লা প্রতিশ্রুতি দিয়েছেন, অদূর ভবিষ্যতে আরও বড় পরিসরে একটি কনসার্টের আয়োজন করা হবে, যেখানে অনেক বেশি সংখ্যক মানুষ অংশ নিতে পারবেন। সবার সুস্বাস্থ্য ও নিজের যত্ন নেওয়ার আহ্বান জানিয়ে তিনি তার বার্তা শেষ করেন।
রিপোর্টারের নাম 























