মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান শিবমন্দির প্রাঙ্গণে চা শ্রমিক সম্প্রদায়ের মধ্যে ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার এই বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উৎসবের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস।
অনুষ্ঠানের শুরুতে চা শ্রমিকরা নিজেদের পরিবেশনায় মুগ্ধ করেন। তারা তাদের নিজস্ব গান এবং ঐতিহ্যবাহী কাঠি নৃত্যসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ও কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রামভজন কৈরীর সভাপতিত্বে এবং সজল কৈরীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আউয়াল, আলীনগর চা বাগান ব্যবস্থাপক এজেএম রফিকুল আলম, সিলেটে নিযুক্ত ভারতীয় ডেপুটি হাই কমিশনের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ ভাটিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস এবং মাধবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পুস্প কুমার কানু।
আলোচনা সভা শেষে চা বাগানের ছাত্র-যুবক এবং প্রধান অতিথি একে অপরের গায়ে আবির রঙ ছিটিয়ে ফাগুয়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উৎসবস্থলে সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস পৌঁছালে চা শ্রমিকদের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে তাকে এবং অন্যান্য অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তিনি শিব মন্দিরে পূজা অর্চনা করার পর মূল অনুষ্ঠান মঞ্চে যোগ দেন।
প্রধান অতিথির বক্তব্যে, সিলেটে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম ফাগুয়া উৎসবে অংশগ্রহণ উল্লেখ করে ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস বলেন, এই উৎসবে এসে তিনি নিজের বাড়িতে পরিবারের সঙ্গে উৎসব উদযাপনের অনুভূতি পাচ্ছেন। চা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়ার বিষয়ে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি, চা শ্রমিকদের সমৃদ্ধ সাংস্কৃতিক পরিবেশনা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং প্রয়োজনে এই শিল্পীদের সিলেটের ডেপুটি হাই কমিশনে আমন্ত্রণ জানানোর কথাও বলেন। তিনি ভবিষ্যতেও চা শ্রমিকদের মাঝে আসার আশাবাদ ব্যক্ত করেন।
রিপোর্টারের নাম 






















