স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জানিয়েছেন, সিটি কর্পোরেশনগুলোতে নির্বাচন দিতে আর দেরি হবে না। তবে, কোনো কারণে নির্বাচন অনুষ্ঠানে বিলম্ব হলে, সেবাকার্যক্রম সচল রাখতে প্রশাসক নিয়োগের বিষয়টি জাতীয় পর্যায়ের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।
মঙ্গলবার (আজ) দুপুরে সিলেট সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, “আমরা মাত্র পনেরো দিন হলো দায়িত্ব গ্রহণ করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি কাজপাগল, তিনি সবকিছু দেখছেন। তাই আমাদের ওপর আস্থা রাখুন এবং সহযোগিতা করুন। আমরা আপনাদের ধারণা বদলে দেব।”
তিনি আরও জানান, বিগত সরকার আইন পরিবর্তন করে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে জাতীয় বা দলীয় প্রতীক ব্যবহার করার যে বিধান চালু করেছিল, তা অনেক প্রশ্নবিদ্ধ হয়েছে।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, দলীয় প্রতীকের বাইরে সাধারণ প্রতীকে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একটি অধ্যাদেশ অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারি করা হয়েছে। আগামী ১২ মার্চ এই অধ্যাদেশটি সংসদে উপস্থাপন করা হবে। সংসদ কোন অধ্যাদেশগুলো গ্রহণ করবে বা করবে না, সেই সিদ্ধান্ত সেদিনই নেওয়া হবে।
এর আগে, সকালে সিলেট সিটি কর্পোরেশনের জনবান্ধব প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত অনুমোদনের আশ্বাস দিয়েছেন প্রতিমন্ত্রী। নগর ভবনে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জনগণের সুবিধার বিষয়টি আমাদের কাছে অধিক গুরুত্ব পাচ্ছে। তাই প্রকল্প অবশ্যই জনবান্ধব হতে হবে। নাগরিকদের উপকারে আসবে এমন প্রকল্পগুলোকে আমরা অগ্রাধিকার দিয়ে যত দ্রুত সম্ভব অনুমোদন করব।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। প্রতিমন্ত্রী মীর শাহে আলম নবনিযুক্ত প্রশাসকের প্রশংসা করে বলেন, আব্দুল কাইয়ুম চৌধুরীর যেমন বর্ণাঢ্য রাজনৈতিক জীবন রয়েছে, তেমনি রাষ্ট্রীয় বিভিন্ন কাজের ক্ষেত্রেও তাঁর রয়েছে ব্যাপক অভিজ্ঞতা। তিনি সিলেটের উন্নয়নের রূপকার, প্রয়াত এম. সাইফুর রহমানের সঙ্গেও কাজ করেছেন। প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন যে, তাঁর নেতৃত্বে সিলেট একটি আধুনিক নগরীতে পরিণত হবে এবং সিলেটের নাগরিকরা সর্বোচ্চ নাগরিক সেবা পাবেন।
এছাড়াও, প্রতিমন্ত্রী মীর শাহে আলম খাল খনন করে দুই পাড়ে দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণ, সিলেট সিটি কর্পোরেশনের অধীনে সিটি ওয়াসা স্থাপন সহ বিভিন্ন প্রকল্প প্রণয়নের পরামর্শ দেন। সড়ক সংস্কার কাজে পরিবেশবান্ধব পদ্ধতি প্রয়োগের নির্দেশও দেন তিনি।
মতবিনিময় সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার সিটি কর্পোরেশনের চলমান ও বাস্তবায়নাধীন প্রকল্পগুলো সম্পর্কে প্রতিমন্ত্রীকে বিস্তারিত অবহিত করেন।
এ সময় সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, ইউরোপে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সমন্বয়ক কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নাসের আহমেদ, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, সচিব বিশ্বজিত দেব, সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক সহ সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানগণ উপস্থিত ছিলেন।
এর আগে, সকাল ৮টা ৫০ মিনিটে প্রতিমন্ত্রী সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এরপর তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করেন।
রিপোর্টারের নাম 





















