নাটোরের গুরুদাসপুরে শিক্ষার মানোন্নয়নের ওপর জোর দিয়ে স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেছেন, এখন থেকে আর অটোপাশের সুযোগ থাকবে না; শিক্ষার্থীদের পড়াশোনার মাধ্যমে অর্জিত মেধার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। তিনি একটি মেধা-সমৃদ্ধ ও দুর্নীতিমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য নারী-পুরুষ সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানান।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।
এমপি আব্দুল আজিজ আরও বলেন, একটি আদর্শ ও সমৃদ্ধ উপজেলা গড়ে তুলতে হলে সুষ্ঠু ও সুন্দর শিক্ষাঙ্গনের কোনো বিকল্প নেই। তিনি বিগত ১৭ বছরের আগ্রাসনের ফলে শিক্ষাব্যবস্থা মেধাশূন্য হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে বলে উল্লেখ করেন এবং বলেন যে এতদিন শিক্ষার নামে চলা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি।
উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম আকতার, সাংবাদিক আলী আক্কাছ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান অধ্যক্ষ আবু সাইদ, মো. আফছার আলী, আব্দুর রহমান, মাসুদুল হক আলেক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক ইউসুফ আলী ও নেগার সুলতানা। সভায় মাধ্যমিক স্তরের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 





















