বান্দরবানের লামা উপজেলায় যৌথ বাহিনীর এক বিশেষ অভিযানে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ প্রেনপং ম্রো (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা মেরেত্তা বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, আটক প্রেনপং ম্রো সরই ইউনিয়নের ঢেঁকিছড়া পাড়ার বাসিন্দা মেনসিং ম্রোর ছেলে। তিনি পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর একজন সশস্ত্র সদস্য হিসেবে সক্রিয় ছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল এবং ১৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে সরই ইউনিয়নের মেরেত্তা বাজার এলাকায় অবস্থান নেয় যৌথ বাহিনীর সদস্যরা। অভিযানে সশস্ত্র অবস্থায় প্রেনপং ম্রোকে হাতেনাতে আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাকে লামা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, সেনাবাহিনী কর্তৃক অস্ত্রসহ আটক ইউপিডিএফ (গণতান্ত্রিক) সদস্যকে থানায় সোপর্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং তাকে যথাযথ প্রক্রিয়ায় আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
রিপোর্টারের নাম 





















