সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে নতুন করে রিট আবেদন করেছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর পাঁচ প্রার্থী। মঙ্গলবার (৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট সূত্র থেকে এ তথ্য জানা গেছে। বিএনপির একজন এবং জামায়াতের চারজন প্রার্থী পৃথকভাবে এই রিট আবেদনগুলো করেছেন। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে গঠিত একক বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জানা গেছে, বিএনপির ময়মনসিংহ-১ আসনের প্রার্থী এবং জামায়াতের নারায়ণগঞ্জ-২, নারায়ণগঞ্জ-৩, লালমনিরহাট-১ ও লালমনিরহাট-২ আসনের প্রার্থীরা নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে এই আইনি পদক্ষেপ নিয়েছেন।
এর আগেও বেশ কয়েকজন প্রার্থী একই অভিযোগে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন। তাদের মধ্যে রয়েছেন কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনের সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনের মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।
উল্লেখ্য, গত রোববার (১ মার্চ) হাইকোর্ট নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনের ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্টশিট নিজেদের হেফাজতে নেওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে এসব আবেদনের পরবর্তী শুনানির জন্য আগামী ১১ মে তারিখ নির্ধারণ করা হয়েছে। এর আগে ঢাকা-৬, ঢাকা-৭ ও গাইবান্ধা-৪ আসনেও ভোট জালিয়াতির অভিযোগ এনে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইকোর্টে আবেদন করেছিল।
রিপোর্টারের নাম 























