জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট আবেদনের ওপর আজ মঙ্গলবার আদেশ দেবেন হাইকোর্ট। গতকাল সোমবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য এই দিন ধার্য করেন।
আদালতে গতকাল রাষ্ট্রপক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল আরশাদুর রউফ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করীম ও আইনজীবী সৈয়দ মামুন মাহবুব। অন্যদিকে, বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, ইমরান এ সিদ্দিক ও শিশির মনিরসহ আরও কয়েকজন।
এর আগে, গত ১৮ ফেব্রুয়ারি জুলাই জাতীয় সনদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে এই রিট আবেদনটি দায়ের করা হয়। আবেদনে এই সনদকে অবৈধ, বেআইনি এবং সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে সনদের কার্যকারিতা স্থগিতের আবেদনও করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ জনস্বার্থে এই রিটটি দায়ের করেন। এতে নির্বাচন কমিশন, জাতীয় সংসদের স্পিকার এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
উল্লেখ্য যে, গত ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফলাফল বাতিল এবং এর বৈধতা চ্যালেঞ্জ করে আইনজীবী এবিএম আতাউল মজিদ তৌহিদ পৃথক একটি রিট আবেদন দায়ের করেছেন। সেই আবেদনটিও বর্তমানে উচ্চ আদালতে শুনানির অপেক্ষায় রয়েছে। সংশ্লিষ্ট মহলের দৃষ্টি এখন উচ্চ আদালতের আজকের আদেশের দিকে।
রিপোর্টারের নাম 

























