প্রতিবেশী দেশ ভারতে চন্দিপুরা ভাইরাসের প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ২২ জন শিশুর মৃত্যু হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বুধবার একটি জাতীয় প্রতিক্রিয়া দল (ন্যাশনাল রেসপন্স টিম) মোতায়েন করা হয়েছে, যারা মূলত পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট ও রাজস্থানে সংক্রমণ নিয়ন্ত্রণে কাজ করবে।
বিশেষজ্ঞদের মতে, চন্দিপুরা ভাইরাস মূলত বর্ষা মৌসুমে মশা, বালুমাছি এবং টিকের মাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ভাইরাস আক্রান্তদের মস্তিষ্কে প্রদাহ বা এনসেফালাইটিস সৃষ্টি করে, যা শিশুদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রাণঘাতী। ভারতের গুজরাট রাজ্যে বর্তমানে এই ভাইরাসের প্রকোপ সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
গুজরাটের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রাজ্যে ১৮৪ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করে ৩৫ জনের শরীরে ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া রাজস্থানেও গত মাসে দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সংক্রমণ রুখতে ভারতের স্বাস্থ্য কর্তৃপক্ষ নজরদারি বৃদ্ধি এবং টিকাদান ও সচেতনতামূলক প্রচারণায় বিশেষ গুরুত্ব দিচ্ছে।
রিপোর্টারের নাম 























