চট্টগ্রামের আনোয়ারায় নির্মাণাধীন একটি ভবনে কাজ করার সময় মাচা ধসে দুই নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের গুন্ধীপ পাড়া এলাকায় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকরা হলেন কুষ্টিয়া জেলার সিয়াম (১৯) এবং রাজশাহী জেলার আনিস (২৫)। তারা দুজনই ওই ছয়তলা নির্মাণাধীন ভবনে প্লাস্টারের কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ছয়জন শ্রমিক মিলে ভবনটির বাইরের অংশে প্লাস্টারের কাজ শুরু করেন। কাজ চলাকালীন ভবনের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে কাজ করার সময় হঠাৎ রেলিং ভেঙে যায়। এতে সিয়াম ও আনিস রেলিংয়ের সঙ্গে নিচে থাকা মাচার ওপর পড়ে যান। আকস্মিক এই ধাক্কায় মাচাটিও ভারসাম্য হারিয়ে ভেঙে নিচে ধসে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান সিয়াম।
গুরুতর আহত অবস্থায় আনিসকে সহকর্মীরা দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী আবুল বাশার জানান, শ্রমিকরা ভবনের বাইরের অংশে প্লাস্টারের কাজ করছিলেন। হঠাৎ রেলিং ভেঙে দুইজন নিচে পড়ে যান এবং এরপর মাচাটিও ভেঙে যায়। ঘটনাটি এত দ্রুত ঘটে যে, কেউ কিছু বুঝে ওঠার আগেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে যায়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুনতাসির জাহিন নিশ্চিত করেন, হাসপাতালে আনার আগেই দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছিল। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে ওই ভবনের ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। পরবর্তীতে একাধিকবার ফোন করেও তার নম্বর বন্ধ পাওয়া যায়, যা ঘটনাটিকে ঘিরে রহস্য আরও বাড়িয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।
রিপোর্টারের নাম 























