দেশের সম্ভাবনাময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে ১০ লাখ তরুণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। তিনি বলেন, বর্তমান সরকার গঠনের পর থেকেই তারেক রহমানের নির্দেশনায় জনগণের দোরগোড়ায় সেবা ও উন্নয়ন পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শনিবার সকালে টাঙ্গাইলের মধুপুর শহরের সাথী মোড় এলাকায় একটি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী তাঁর বক্তব্যে নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “মধুপুর ও ধনবাড়ী উপজেলাকে একটি আদর্শ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। আমার নির্বাচনি এলাকায় কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসবাদ বা দখলদারিত্ব সহ্য করা হবে না। এসব অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর বা ‘জিরো টলারেন্স’।”
মধুপুর শহরের যানজট ও জনদুর্ভোগ লাঘবে সাথী মোড় থেকে ৭০০ মিটার সড়ক নির্মাণ কাজের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, স্থানীয়দের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতেই এই প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় জনকল্যাণমূলক কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনই সরকারের মূল লক্ষ্য।
সড়ক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুবায়ের হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নইম উদ্দিন আহমেদ, উপজেলা প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ভূইয়া এবং উপজেলা কৃষি কর্মকর্তা রকিব আল রানা।
এছাড়া রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দার, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স এবং সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
রিপোর্টারের নাম 






















