লিওনেল মেসির জয়সূচক গোলে প্রীতি ম্যাচে ইকুয়েডরের ক্লাব ইন্দেপেদিয়েন্তে দেল ভ্যালের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে ইন্টার মিয়ামি। তবে জয়ের আনন্দের দিনে অনাকাঙ্ক্ষিত এক অভিজ্ঞতার শিকার হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। ম্যাচ চলাকালীন এক অতি-উৎসাহী ভক্তের ধাক্কায় মাঠে পড়ে যান এই ফুটবল জাদুকর।
পুয়ের্তো রিকোর ২০ হাজার দর্শকের উপস্থিতিতে আজ ভোরে মাঠে নামে ইন্টার মিয়ামি। মূলত গত ১৩ ফেব্রুয়ারি এই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও মেসির ইনজুরির কারণে তা পিছিয়ে আজ আয়োজিত হয়। গ্যালারি ভর্তি দর্শকদের মূল আকর্ষণ ছিলেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।
ম্যাচের শুরু থেকে মাঠে না থাকলেও দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে নামেন মেসি। ৭০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত তার এই গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়।
তবে ম্যাচের ৮৮ মিনিটে ঘটে এক বিশৃঙ্খল ঘটনা। প্রিয় তারকাকে কাছ থেকে দেখার নেশায় কয়েকজন দর্শক নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে মাঠে ঢুকে পড়েন। তাদের মধ্যে একজন মেসিকে জড়িয়ে ধরতে গিয়ে ভারসাম্য হারিয়ে তাকে নিয়ে মাঠের ঘাসে আছড়ে পড়েন। দ্রুত নিরাপত্তাকর্মীরা সেখানে পৌঁছালে এক হট্টগোল তৈরি হয় এবং মেসি ও সেই ভক্তসহ তিনজনই মাঠে গড়াগড়ি খান।
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মিয়ামির নতুন মৌসুমের শুরুটা অবশ্য সুখকর হয়নি। নিজেদের প্রথম ম্যাচে লস অ্যাঞ্জেলেস এফসির কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। সেই হারের গ্লানি ভুলে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আগামী ২ মার্চ বাংলাদেশ সময় সকাল ৬টায় অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মিয়ামি।
রিপোর্টারের নাম 






















