জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, সাংবাদিকসহ সকল অংশীজনের মতামতকে গুরুত্ব দিয়ে জবাবদিহির পরিধি নির্ধারণ করা হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী জানান, সামগ্রিকভাবে দেশের গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিকতার ছোঁয়ায় ঢেলে সাজাতে সরকার বদ্ধপরিকর। তিনি বলেন, যে সময়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় গঠিত হয়েছিল, তখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের অস্তিত্ব ছিল না। কিন্তু বর্তমান বিশ্বব্যবস্থা প্রযুক্তিনির্ভর এবং গণমাধ্যমের ব্যাপক প্রসার ঘটেছে। এই আধুনিক প্রযুক্তিনির্ভর ইকো সিস্টেমের সঙ্গে খাপ খাইয়ে নিতে মন্ত্রণালয় এখনো পুরোপুরি সক্ষম হয়নি।
দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সরকারের নীতিনির্ধারক মহলের সঙ্গে আলোচনা করে ধাপে ধাপে জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন। এর আগে তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৬১ জনের মাঝে বিআরটিএর তহবিল থেকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক বিতরণ করেন।
রিপোর্টারের নাম 



















