দীর্ঘ ২৩ বছরের বিরতি কাটিয়ে অবশেষে অস্ট্রেলিয়ার মাটিতে সাদা পোশাকের ক্রিকেটে লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ। ২০২৬-২৭ আন্তর্জাতিক মৌসুমের শুরুতে ক্যাঙ্গারুদের ডেরায় দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাম্প্রতিক সূচি অনুযায়ী, ২০২৬ সালের আগস্ট মাসে এই সিরিজটি অনুষ্ঠিত হবে।
সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১৩ আগস্ট ডারউইনে। এরপর ২২ আগস্ট থেকে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল, যার ভেন্যু নির্ধারণ করা হয়েছে ম্যাকে। এই সফরের মাধ্যমে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে দীর্ঘ সময় পর টেস্ট ক্রিকেট ফিরছে। এর আগে ২০০৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে এই অঞ্চলে সর্বশেষ টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এছাড়া ম্যাকে শহরটি অস্ট্রেলিয়ার ১২তম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে। বাংলাদেশের জন্য ডারউইন বেশ পরিচিত হলেও সেখানে তারা সর্বশেষ খেলেছিল সেই ২০০৩ সালে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সিরিজটি দুই দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৭ সালে ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে প্রথমবার টেস্টে হারানোর পর, দীর্ঘ বিরতি দিয়ে আবারও বড় ফরম্যাটে মুখোমুখি হতে যাচ্ছে এই দুই দেশ। মূলত অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলে শীতকালীন আবহাওয়া শুষ্ক ও ক্রিকেট খেলার উপযোগী হওয়ায় আগস্ট মাসে ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ত সূচির মধ্যেও উত্তরাঞ্চলের উন্নত অবকাঠামোকে কাজে লাগিয়ে এই সিরিজটি আয়োজন করা সম্ভব হচ্ছে। বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট পারফরম্যান্স নিয়ে নানা আলোচনা থাকলেও সাম্প্রতিক সময়ে পাকিস্তান, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মাটিতে জয় পাওয়ায় টাইগারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে।
ক্রীড়াবোদ্ধাদের মতে, দীর্ঘ সময় পর অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশের এই টেস্ট সিরিজটি বিশ্ব ক্রিকেটে নতুন উন্মাদনা তৈরি করবে এবং লাল-সবুজের প্রতিনিধিদের জন্য এটি হবে নিজেদের প্রমাণের এক বড় সুযোগ।
রিপোর্টারের নাম 
























