আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নিতে এবং দীর্ঘ বিরতির জড়তা কাটাতে আজ থেকে মিরপুরে শুরু হচ্ছে নারী ক্রিকেটারদের বিশেষ কন্ডিশনিং ক্যাম্প। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটারদের রিপোর্টিংয়ের মধ্য দিয়ে এই প্রস্তুতি পর্বের সূচনা হবে।
মাঠের লড়াইয়ে নামার আগে ক্রিকেটারদের ফিটনেস ও স্কিল ধরে রাখতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। সূচি অনুযায়ী, আজ রিপোর্ট করার পর আগামীকাল থেকে ক্রিকেটাররা নিয়মিত ব্যাট-বলের অনুশীলনে ব্যস্ত হয়ে উঠবেন। এই ক্যাম্পের গুরুত্ব তুলে ধরে প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপন বলেন, “বিশ্বকাপের আগে আমাদের লক্ষ্য সেরা প্রস্তুতি নিশ্চিত করা। সেই লক্ষ্যেই এই বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে।”
আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে নারী দলের এই নিবিড় অনুশীলন কার্যক্রম। ক্যাম্প শেষ করে ক্রিকেটাররা সরাসরি পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে যাবেন। ঈদের ছুটির পর নারী বিপিএলের সময়সূচি চূড়ান্ত হলে তারা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত হয়ে পড়বেন। আর যদি বিপিএল আয়োজনে বিলম্ব হয়, তবে আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া শ্রীলঙ্কা সিরিজের জন্য পুনরায় প্রস্তুতি শুরু করবেন নিগার সুলতানা জ্যোতি ও নাহিদা আক্তাররা। ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে টাইগ্রেসদের।
রিপোর্টারের নাম 























