আসন্ন দশম নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ১২ জুন থেকে ইংল্যান্ডের মাটিতে বসতে যাচ্ছে নারী ক্রিকেটের এই জমজমাট আসর। বাছাইপর্বে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নেওয়া বাংলাদেশ ক্রিকেট দল পড়েছে বেশ কঠিন সমীকরণে। গ্রুপ-১-এ টাইগ্রেসদের লড়তে হবে বিশ্ব ক্রিকেটের পরাশক্তিদের বিপক্ষে।
প্রকাশিত সূচি অনুযায়ী, গ্রুপ-১-এ বাংলাদেশের সঙ্গী হিসেবে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নেদারল্যান্ডস। অন্যদিকে, গ্রুপ-২-এ খেলবে স্বাগতিক ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।
আগামী ১২ জুন বিশ্বকাপের পর্দা উঠলেও বাংলাদেশের অভিযান শুরু হবে ১৪ জুন। বার্মিংহামের এজবাস্টনে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। এরপরই শুরু হবে কঠিন চ্যালেঞ্জ। ১৭ জুন লিডসের হেডিংলিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ। ২০ জুন সাউথহ্যাম্পটনে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে টাইগ্রেসরা।
গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে ২৫ জুন ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর ২৮ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ‘ক্রিকেট তীর্থ’ খ্যাত লর্ডসে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
উল্লেখ্য, ১২ জুন শুরু হওয়া এই বিশ্ব আসরের শ্রেষ্ঠত্বের লড়াই শেষ হবে ৫ জুলাই। ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের।
একনজরে বাংলাদেশের ম্যাচের সময়সূচি:
১৪ জুন: নেদারল্যান্ডস (এজবাস্টন)
১৭ জুন: অস্ট্রেলিয়া (হেডিংলি)
২০ জুন: পাকিস্তান (সাউথহ্যাম্পটন)
২৫ জুন: ভারত (ওল্ড ট্র্যাফোর্ড)
২৮ জুন: দক্ষিণ আফ্রিকা (লর্ডস)
রিপোর্টারের নাম 























