রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, নির্বাচনের আগে সাধারণ মানুষকে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি রক্ষায় তিনি বদ্ধপরিকর। উন্নয়নের স্বার্থে এবং জনগণের দাবি আদায়ে প্রয়োজনে তিনি সরকারের বিভিন্ন দপ্তরে দপ্তরে গিয়ে ধরণা দেবেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে পীরগাছা সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনা ও গণ-ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আখতার হোসেন বলেন, “আপনারা যেভাবে প্রতিকূলতা উপেক্ষা করে আমার জন্য এবং ‘শাপলা কলি’ প্রতীকের জন্য মানুষের দ্বারে দ্বারে গিয়েছেন, আমিও ঠিক সেভাবে আপনাদের সেবায় নিজেকে উৎসর্গ করব। আমাদের জোট সরকারে নেই বলে উন্নয়ন থমকে যাবে না। আমি নিজে সরকারি দপ্তরে গিয়ে প্রকল্প বরাদ্দ নিয়ে আসব এবং পীরগাছা-কাউনিয়ার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করব ইনশাআল্লাহ।”
বক্তব্যে তিনি স্থানীয় বিএনপির রাজনীতির কড়া সমালোচনা করে বলেন, হারাগাছসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে। পরাজিত প্রার্থীর অনুসারীদের বিরুদ্ধে লুটতরাজ ও অরাজকতার অভিযোগ তুলে তিনি বলেন, “আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমি যখন সংসদ সদস্য নির্বাচিত হয়েছি, তখন আমি কোনো বিশেষ দলের নই, বরং কাউনিয়া-পীরগাছাসহ পুরো বাংলাদেশের মানুষের প্রতিনিধি। আমি সবাইকে নিয়ে একটি সুন্দর সমাজ গড়তে চাই।”
উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করে নবনির্বাচিত এই এমপি বলেন, অবহেলিত উত্তরের মানুষের প্রত্যাশা অনেক। মেগা প্রকল্পের পাশাপাশি গ্রামীণ রাস্তাঘাট, ব্রিজ ও কালভার্ট নির্মাণ এখন সময়ের দাবি, যাতে প্রতিটি মানুষের দোরগোড়ায় জরুরি সেবা হিসেবে অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে।
পীরগাছা উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুলের সভাপতিত্বে এবং আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, জেলা ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ মাহমুদ, এনসিপির উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন এবং বাংলাদেশ খেলাফত মজলিসের কাউনিয়া উপজেলার আমির মুফতি জামাল উদ্দিনসহ ‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটের স্থানীয় নেতৃবৃন্দ।
গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে আখতার হোসেন পীরগাছা উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেন। পরে তিনি চৌধুরাণী থেকে ফতেপুরঘাট সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেন এবং প্রয়াত জামায়াত নেতা ফারুক ইকবালের কবর জিয়ারত করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
রিপোর্টারের নাম 
























