পঞ্চগড়ের দেবীগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের নতুনবন্দর আব্দুলপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—দেবীগঞ্জ পৌর এলাকার পাটোয়ারী পাড়া গ্রামের আজাদের স্ত্রী মমতা বেগম (৩৭) এবং তার সাত বছর বয়সী মেয়ে মুনতাহা। এই ঘটনায় মমতার আরেক যমজ মেয়ে মুবাশ্বিরা ও মোটরসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই রাতে মমতা বেগম তার দুই মেয়েকে নিয়ে ভাগ্নে মনিরুল ইসলামের মোটরসাইকেলে করে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নতুনবন্দর আব্দুলপুর এলাকায় পৌঁছালে দেবীগঞ্জ থেকে ঢাকাগামী ‘নাদের পরিবহন’ নামে একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মমতা ও তার এক মেয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত মুবাশ্বিরা ও চালক মনিরুলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা সোনাহার বাজার এলাকায় সেটিকে আটকে পুলিশে সোপর্দ করে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক বাস ও এর চালককে আটক করে থানা হেফাজতে নিয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়াও প্রক্রিয়াধীন রয়েছে।
রিপোর্টারের নাম 
























