মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমান্তবর্তী এলাকায় একটি পরিত্যক্ত মর্টার শেল উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) সকালে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের দুর্গানগর গ্রামে খাল খননের সময় এই যুদ্ধাস্ত্রটি পাওয়া যায়। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে নিরাপত্তা জোরদার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে দুর্গানগর গ্রামের কৃষক সহিদ মিয়া নিজের জমিতে খাল খননের কাজ করছিলেন। খননের একপর্যায়ে মাটির নিচে একটি ভারী ও লম্বাটে ধাতব বস্তু দেখতে পান তিনি। বস্তুটির আকৃতি দেখে সন্দেহ হলে মুহূর্তের মধ্যে গ্রামজুড়ে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি কর্ডন করে রাখে এবং সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, স্থানীয় এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বস্তুটিকে পর্যবেক্ষণ করে এটি একটি মর্টার শেল বলে ধারণা করেন। পরবর্তীতে মৌলভীবাজার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। উদ্ভূত পরিস্থিতিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) ওয়াহিদুজ্জামান রাজু জানান, ড্রেন বা খাল খননের সময় কৃষক এই ভারী বস্তুটি খুঁজে পান। জননিরাপত্তার স্বার্থে আমরা দ্রুত পুরো এলাকাটি ঘিরে ফেলি। পরে সিলেট থেকে আসা বিশেষজ্ঞ দল পরীক্ষা-নিরীক্ষা শেষে মর্টার শেলটি সফলভাবে নিষ্ক্রিয় করে।
ধারণা করা হচ্ছে, এটি দীর্ঘদিনের পুরনো এবং পরিত্যক্ত অবস্থায় মাটির নিচে চাপা পড়ে ছিল। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 
























