অস্ট্রেলিয়ায় আগামী ১ মার্চ থেকে শুরু হতে যাওয়া ২১তম নারী এশিয়ান ফুটবল কাপের আগে সিডনির তীব্র গরমের সঙ্গে রীতিমতো যুদ্ধ করে প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। এই প্রথমবার এশিয়ান কাপের মতো মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ দল, যা দেশের ফুটবলের ইতিহাসে এক নতুন অধ্যায় যোগ করতে চলেছে।
ইতিহাস গড়ার হাতছানি নিয়ে সিডনিতে পৌঁছেছেন আফঈদা-ঋতুপর্ণারা। চীন ও উত্তর কোরিয়ার মতো এশিয়ার পরাশক্তিদের বিপক্ষে কঠিন লড়াইয়ের জন্য নিজেদের ঝালিয়ে নিচ্ছেন তারা। রুদ্ধদ্বার অনুশীলনে কৌশল ও শারীরিক সক্ষমতা বাড়ানোর দিকে জোর দিলেও, এখানকার প্রচণ্ড তাপমাত্রাই এখন তাদের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে।
সিডনির ভ্যালেন্টাইন পার্কের মাঠে টানা চতুর্থ দিনের অনুশীলনের পর দলের নবীন ফরোয়ার্ড আলপি আক্তার জানালেন এখানকার আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জের কথা। তিনি বলেন, ‘এখানে অনেক গরম। বাংলাদেশে এখনো এমন গরম পড়েনি। অতিরিক্ত এই তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি আমরা। তবে ভালো দিক হলো, মাঠ, জিম এবং থাকার জায়গা কাছাকাছি হওয়ায় যাতায়াতের ঝামেলা নেই, যা আমাদের জন্য সুবিধাজনক হয়েছে।’
নারী ফুটবল লিগে ১০ ম্যাচে ৩০ গোল করে নজর কেড়েছিলেন আলপি। এরপর সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে সাত গোল করে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন এই তরুণ ফরোয়ার্ড। এমন দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এশিয়ান কাপের দলে জায়গা পেয়েছেন তিনি। জাতীয় দলের সঙ্গে প্রথমবার অনুশীলন করার সুযোগ পেয়ে আলপি উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘জাতীয় দলের সঙ্গে অনুশীলন ও খেলার দীর্ঘদিনের স্বপ্ন আজ পূরণ হয়েছে। আপুদের সঙ্গে অনুশীলন করে অনেক ভালো লাগছে, প্র্যাকটিসও খুব ভালোভাবে চলছে।’
ফেডারেশন সূত্রে জানা গেছে, ভ্যালেন্টাইন পার্কের মাঠে দলের চতুর্থ ট্রেনিং সেশন সফলভাবে শেষ হয়েছে। এই সেশনজুড়ে কৌশলগত দিক, রক্ষণ ও আক্রমণভাগের সমন্বয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া বাড়ছে এবং দল হিসেবে তাদের উন্নতি হচ্ছে। সিডনির কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়াও ভালোভাবে এগোচ্ছে। সব মিলিয়ে, টুর্নামেন্টের জন্য বাংলাদেশ নারী দল পূর্ণ প্রস্তুতি নিচ্ছে।
এশিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী ৩ মার্চ চীনের বিপক্ষে, যা অনুষ্ঠিত হবে সিডনিতেই। এরপর ৬ মার্চ একই শহরে উত্তর কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচে ৯ মার্চ পার্থে উজবেকিস্তানের বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা।
রিপোর্টারের নাম 

























