রাজনৈতিক মতপার্থক্য ভুলে দেশের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। শনিবার লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। লক্ষ্মীপুর প্রেসক্লাব এই সমাবেশের আয়োজন করে।
মন্ত্রী বলেন, সব ইস্যুতে শুধু বিরোধিতা না করে দেশ গড়ার লক্ষ্য নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। এ সময় তিনি বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে এবং বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করবে, তারা দেশের শত্রুতে পরিণত হবে।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি পূর্ণ মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এটি ছিল লক্ষ্মীপুরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির প্রথম গুরুত্বপূর্ণ কোনো জনসভা। ত্রয়োদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসন থেকে নির্বাচিত হয়ে তিনি পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন, তবে এই প্রথম তিনি মন্ত্রিসভায় স্থান পেলেন।
রিপোর্টারের নাম 












