জীবন দিয়ে হলেও জুলুমের কাছে মাথা নত করবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা-১৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, “আমরা জান দেবো কিন্তু জুলাই দেবো না।” একই সঙ্গে, শহীদ ওসমান হাদী এবং শহীদ আবু সাঈদের বিচার এ দেশেই হবে বলে তিনি অঙ্গীকার করেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) মানিকগঞ্জের হরিরামপুরে নিজ পিতা, জামায়াত নেতা মীর কাসেম আলীর কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।
ব্যারিস্টার আরমান বলেন, তার পিতাকে ফাঁসির রায় কার্যকর করার কিছুদিন পূর্বে তাকে গুম করা হয়েছিল। সেই সময় তিনি জানতেও পারেননি তার পিতার কী পরিণতি হয়েছে, এমনকি তার নিজের পরিবারও তার খোঁজ পায়নি। তিনি ভেবেছিলেন তার মৃত্যু অবধারিত। কিন্তু আল্লাহর অশেষ রহমতে তিনি দ্বিতীয় জীবন লাভ করেছেন।
তিনি আরও জানান, যতদিন আল্লাহ তাকে জীবিত রাখবেন, নিজের উপর হওয়া এই বর্বরোচিত জুলুমের পুনরাবৃত্তি যাতে এই বাংলায় আর কোনো নাগরিকের উপর না ঘটে, সে জন্য তিনি নিজেকে উৎসর্গ করবেন।
জাতীয় সংসদে মানুষের অধিকার আদায়ে জনগণের দেওয়া গুরুদায়িত্ব পালনের জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন। তিনি বলেন, পিতার ইসলামী আদর্শকে সামনে রেখে তিনি তার রাজনৈতিক জীবন পরিচালনা করতে চান এবং এই শপথ নিতেই আজ তিনি তার পিতার মাজারে এসেছেন।
ব্যারিস্টার আরমান জোর দিয়ে বলেন, “আমরা মানুষের সাংবিধানিক অধিকারের জন্য লড়াই করব, প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত। আমরা জান দেবো, কিন্তু অন্যায়ের কাছে হার মানবো না, ইনশাআল্লাহ।” তিনি পুনরায় উল্লেখ করেন, শহীদ ওসমান হাদী ও শহীদ আবু সাঈদের ন্যায়বিচার এই দেশেই নিশ্চিত হবে।
এ সময় তাঁর সঙ্গে কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি জাহিদুর রহমান, মানিকগঞ্জ জেলা জামায়াতের আমীর মাওলানা কামরুল ইসলাম, মানিকগঞ্জ সদর উপজেলা জামাতের আমীর মো: ফজলুল হক সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্টারের নাম 












