চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। পারিবারিক কলহের জেরে ছানোয়ারা বেগম (৪২) নামে এক নারীকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় নির্জন জঙ্গলে ফেলে পালানোর অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্বামী হাবিবুর রহমানের (২৭) বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মইজ্জ্যারটেক আবাসিক এলাকার একটি জঙ্গলে এই নৃশংস ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অস্ত্রোপচার চলছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার পরপরই আশপাশের লোকজন ছানোয়ারা বেগমকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে ভর্তির পর বর্তমানে তার অস্ত্রোপচার চলছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুক্তভোগীর অবস্থা গুরুতর।
আহত ছানোয়ারা বেগম চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাদরাসাপাড়া এলাকার মৃত ছগীর আহমেদের মেয়ে। তিনি বর্তমানে একই এলাকার চাচা ফারুক আহমেদের ভাড়া বাসায় বসবাস করছিলেন এবং বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র (বিটাক)-এ কর্মরত। অভিযুক্ত স্বামী হাবিবুর রহমানের বাড়ি ফরিদপুর জেলায়। ঘটনার খবর পেয়ে কর্ণফুলী থানার একজন এসআই হাসপাতালে উপস্থিত থেকে প্রয়োজনীয় সহযোগিতা করছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, এটি ছানোয়ারা বেগমের দ্বিতীয় বিয়ে। তার প্রথম স্বামী মারা গেছেন এবং পূর্বের সংসারে তার দুই সন্তান রয়েছে। বর্তমান স্বামী হাবিবুর রহমানের সঙ্গে গত ছয় মাস ধরে তার কোনো যোগাযোগ ছিল না। কিছুদিন আগে ছানোয়ারা তার স্বামী হাবিবুরকে ভাড়া বাসা থেকে বের করে দিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহ ও দ্বন্দ্বের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আহত নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিযুক্ত স্বামীকে আটক করা গেলে ঘটনার বিস্তারিত জানা যাবে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে ওসি জানিয়েছেন। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।
রিপোর্টারের নাম 





















